৪ মে চূড়ান্ত জবাব, বিজেপিকে কড়া হুশিয়ারি অভিষেকের!
মুর্শিদাবাদ, জামালপুর ও হুগলির জনসভা থেকে কেন্দ্রের শাসকদল বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাঙালি অস্মিতা ও আত্মসম্মানকে হাতিয়ার করে তিনি জানান, বহিরাগত শক্তির নির্দেশে বাংলার মানুষের ভাগ্য নির্ধারিত হতে পারে না। বিজেপিকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার ডাক দিয়ে তিনি দাবি করেন, আগামী ৪ মে নির্বাচনের ফলাফল প্রকাশের পর বিরোধীরা কার্যত নিশ্চিহ্ন হয়ে যাবে।
বক্তব্যের সময় বিজেপির বিরুদ্ধে বাঙালির খাদ্য ও পোশাকে হস্তক্ষেপ করার অভিযোগ তুলেন অভিষেক। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া বা বাঙালিদের অপমানের প্রতিবাদে রাজ্য সরকার আইনি লড়াই চালাচ্ছে বলেও তিনি জানান। পাশাপাশি, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি কেন্দ্রীয় বঞ্চনা ও সংবিধান পরিবর্তনের চেষ্টার বিরুদ্ধে তৃণমূলকে প্রধান বাধা হিসেবে অভিহিত করেন। তৃণমূল পুনরায় ক্ষমতায় এলে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের সমস্যার সমাধান এবং ‘স্বনির্ভর বাংলা’ গড়ার প্রতিশ্রুতিও দেন তিনি।