দলে আদেও আছেন তো সায়নী? মৃত্যুঞ্জয়ের পর বিস্ফোরক শুভ্রজিৎ!

তৃণমূল কংগ্রেসের অন্দরে রাজ্য যুব সভানেত্রী সায়নী ঘোষের ভূমিকা ও বর্তমান অবস্থান নিয়ে দলের ভেতর থেকেই ক্ষোভ ও প্রশ্ন উঠতে শুরু করেছে। যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের পর, এবার কলকাতার ১৬ নম্বর ওয়ার্ডের যুব সভাপতি শুভ্রজিৎ হাজরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সায়নী ঘোষের অনুপস্থিতি নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন। ফেসবুকে দেওয়া পোস্টে শুভ্রজিৎ লিখেছেন, দলের কর্মীরা যখন মাঠে কাজ করছেন, সেই সময়ে রাজ্য যুব সভানেত্রী কোথায় আছেন বা আদৌ তিনি দলে সক্রিয় কি না, তা নিয়ে ধন্দ দেখা দিয়েছে। একইসঙ্গে প্রশ্ন উঠেছে উত্তর কলকাতার জেলা যুব সভাপতি শান্তিরঞ্জন কুণ্ডুর ভূমিকা নিয়েও।

বিধানসভা নির্বাচনের পর দল সমস্ত শাখা সংগঠন ভেঙে দিলেও সায়নী ঘোষকে যুব সভানেত্রীর পদে বহাল রাখা হয়। তবে দলের বিভিন্ন কর্মসূচিতে বা জনসমক্ষে তাঁর অনুপস্থিতি ঘিরে তৃণমূলে অস্বস্তি বাড়ছে। দিল্লিতে লোকসভার সাংসদদের বৈঠকে প্রথম দিন তাঁর অনুপস্থিতি এবং পরবর্তীতে হঠাৎ দিল্লি সফর এই জল্পনাকে আরও উসকে দিয়েছে। যদিও তিনি দিল্লি থেকে কলকাতা ফিরেছেন, তথাপি দলের যুব নেতাদের একের পর এক সোশ্যাল মিডিয়া পোস্ট তৃণমূলের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *