চলন্ত ট্রেনে মোহন ভাগবতের ওপর হামলা, উত্তরপ্রদেশের নিরাপত্তা কি তবে প্রশ্নের মুখে?
উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলায় চলন্ত স্বর্ণ শতাব্দী এক্সপ্রেসে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের কামরা লক্ষ্য করে পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা কুড়ি মিনিট নাগাদ কানপুর থেকে দিল্লি ফেরার পথে মাকখানপুর স্টেশন অতিক্রম করার সময় ট্রেনটির ই-১ কোচে এই হামলা চালানো হয়। এতে কামরার জানলার কাচ ভেঙে চুরমার হয়ে গেলেও মোহন ভাগবত অক্ষত রয়েছেন, কারণ তিনি সেই সময় জানলার উল্টো দিকের আসনে বসেছিলেন। ঘটনার পর টুন্ডলা স্টেশনে ট্রেনটি থামিয়ে নিরাপত্তা তদারকি করা হয় এবং এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
চলতি বছরে উত্তরপ্রদেশে আরএসএস প্রধানের ট্রেন লক্ষ্য করে পাথর ছোঁড়ার এটি দ্বিতীয় ঘটনা। এর আগে গত ফেব্রুয়ারি মাসে লখনউ-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসে একই ধরণের হামলার ঘটনা ঘটেছিল। ভিভিআইপি নিরাপত্তা বলয়ে থাকা সত্ত্বেও বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি রেলযাত্রার নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।