পঞ্চায়েত অফিসে নেশায় বুঁদ প্রধান, ভাইরাল ভিডিওতে তোলপাড়!
বাঁকুড়ার ছাতনা ব্লকের ঝুঞ্জকা গ্রাম পঞ্চায়েতের প্রধান রামেশ্বর হেমব্রমের মদ্যপ অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার পঞ্চায়েত দপ্তরে জরুরি কাজের জন্য আসা সাধারণ মানুষ প্রধানকে নেশার ঘোরে বেহুঁশ অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। ভিডিওতে দেখা যায়, নেশার তীব্রতায় তিনি সোজা হয়ে চেয়ারে বসার চেষ্টাতেও ব্যর্থ হচ্ছেন। জনপ্রতিনিধির এমন দায়িত্বজ্ঞানহীন আচরণে এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনার পর থেকে স্থানীয় প্রশাসনিক পরিষেবা ও জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধী রাজনৈতিক দল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শাসকদলের বিরুদ্ধে পঞ্চায়েত অফিসের অপব্যবহারের অভিযোগ তুলেছে। প্রশাসনের স্বচ্ছতা রক্ষায় এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে পঞ্চায়েত অফিসে অবিলম্বে সিসিটিভি ক্যামেরা বসানোর দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।