গঙ্গার বুকে ৬০ ফুটের বিশাল দুর্গা, চমকে দেবে হাওড়ার ঘাট!
কলকাতার স্ট্র্যান্ড রোডের আদলে হাওড়ার গ্র্যান্ড ফোরশোর রোড ও সংলগ্ন গঙ্গার ঘাটগুলির সৌন্দর্য্যায়নের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার ও পোর্ট ট্রাস্ট। দীর্ঘদিনের অবহেলা ও দূষণ কাটিয়ে হাওড়া শহরকে একটি আধুনিক পর্যটন কেন্দ্রে রূপান্তর করাই এই বৃহৎ প্রকল্পের মূল লক্ষ্য। এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যেই পোর্ট ট্রাস্টের জমিতে থাকা বেআইনি নির্মাণ ও পরিত্যক্ত গুদামগুলি অপসারণের কাজ শুরু হয়েছে।
এই সৌন্দর্য্যায়ন প্রকল্পের প্রধান আকর্ষণ হতে চলেছে রামকৃষ্ণপুর ঘাটের কাছে গঙ্গার ওপর নির্মিত ৬০ ফুট উচ্চতার একটি বিশাল ধাতব দুর্গামূর্তি, যার নাম দেওয়া হয়েছে ‘দুর্গা শক্তি’। ১ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই মূর্তির দুপাশে থাকবে ২০ ফুট উঁচু জোড়া ধাতব ধুনুচি। এছাড়া হাওড়া ব্রিজ থেকে বিদ্যাসাগর সেতু পর্যন্ত এলাকাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে নদীর তীরে হোটেল, রেস্তোরাঁ, শপিং মল, পার্ক এবং লন্ডনের ‘লন্ডন আই’-এর আদলে একটি বিশাল ক্যান্টিলিভার অবজারভেশন হুইল তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী দুর্গাপুজোর আগেই এই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রশাসন।