৬ মাস পার, পুজোর আগে কি খুলবে বেলঘরিয়া ব্রিজ?
বেলঘরিয়া উড়ালপুলের সংস্কার থমকে, চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা
উত্তর শহরতলির যোগাযোগ ব্যবস্থার অন্যতম লাইফলাইন বেলঘরিয়া রেলওয়ে উড়ালপুলের সংস্কারকাজ দীর্ঘ ছয় মাস ধরে থমকে থাকায় বিরাটি, বেলঘরিয়া ও সংলগ্ন এলাকায় ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। রেললাইনের ওপরের অংশের কাজ প্রায় শেষ হলেও, উড়ালপুলের দুই প্রান্তের মেরামতি এখনও শুরু হয়নি। সাড়ে চার কোটি টাকা বরাদ্দে গত ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রকল্পের কাজ ঝুলে থাকায় এবং প্রশাসনিক জটিলতায় আসন্ন দুর্গাপুজোর আগে সেতুটি খুলে দেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
উড়ালপুলের নিচ থেকে ৪৮টি দোকান না সরানো পর্যন্ত বাকি ১৪টি গার্ডার পরিবর্তনের কাজ করা সম্ভব নয় বলে জানিয়েছে পূর্ত দফতর। এ বিষয়ে কামারহাটি পুরসভা ও পূর্ত দফতর একে অপরের ওপর দায় চাপাচ্ছে। পুরসভার দাবি, জমি পূর্ত দফতরের হওয়ায় উচ্ছেদ নোটিশ দেওয়ার দায়িত্ব তাদেরই। অন্যদিকে, উচ্ছেদের পাশাপাশি ব্যবসায়ীদের বিকল্প কর্মসংস্থানের দাবিও উঠেছে। দীর্ঘদিনের এই অচলাবস্থায় রেলগেট সংলগ্ন এলাকায় তীব্র যানজটের ফলে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে, যার নেতিবাচক প্রভাব ট্রেন চলাচলের ওপরও পড়ছে।