দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমন্ত অবস্থায় দম আটকে মৃত ৩!

দিল্লির তুঘলকাবাদের একটি পাঁচতলা বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই মহিলাসহ তিন জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ভবনটির বেসমেন্টের পার্কিং লটে এই অগ্নিকাণ্ড ঘটে। সেখানে রাখা বেশ কয়েকটি স্কুটার, মোটরসাইকেল ও সাইকেলে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এই ঘটনায় দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ হয়ে অন্তত আটজন গুরুতর আহত হয়েছেন।

খবর পেয়ে দিল্লি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। সরু গলির কারণে দমকলের গাড়ি চলাচলে বিঘ্ন ঘটলেও বিশেষ সরঞ্জাম ও মই ব্যবহার করে আটকে পড়া বাসিন্দাদের নিরাপদে বের করে আনা হয়। ছাদে যাওয়ার দরজা তালাবদ্ধ থাকায় সেখানেও উদ্ধারকাজ চালাতে হয় দমকল কর্মীদের। ভোর পৌনে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশের প্রাথমিক ধারণা, পার্কিং এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট বা কোনো যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বর্তমানে ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে এবং মৃতদের শনাক্তকরণের কাজ চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *