৫৩০০ বছরের পুরোনো মমি থেকে তৈরি হলো আজকের ব্রেকফাস্ট!
৫৩০০ বছর আগের প্রাচীন ইস্ট থেকে তৈরি হলো রুটি
১৯৯১ সালে আল্পস পর্বতমালা থেকে উদ্ধার হওয়া ‘ওটজ়ি দ্য আইসম্যান’ নামক মমিটির পাকস্থলী বিশ্লেষণ করে বিজ্ঞানীরা ৫৩০০ বছর পুরোনো চারটি বিশেষ ‘ইস্ট স্ট্রেন’ খুঁজে পেয়েছেন। ল্যাবরেটরিতে কৃত্রিম উপায়ে বংশবৃদ্ধি ঘটিয়ে এই প্রাচীন অণুজীবগুলোকে পুনরায় সক্রিয় করে তুলেছেন গবেষকরা। সেই ইস্ট, ময়দা ও জলের মিশ্রণে তৈরি করা হয়েছে সাউয়ারডো পাউরুটি, যা মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রুটি তৈরির উপযুক্ত হয়ে ওঠে। গবেষকদের মতে, এই রুটির স্বাদ ও সুগন্ধ ছিল চমৎকার।
ওটজ়ির পাকস্থলীতে শস্যদানা ও গমের উপস্থিতির পাশাপাশি ইস্টের এই আবিষ্কার প্রমাণ করে যে, তাম্রযুগের মানুষ ফারমেন্টেশন বা গাঁজন প্রক্রিয়ার মাধ্যমে খাবার সংরক্ষণ ও প্রস্তুত করার কৌশল জানত। রুটি তৈরির এই সফল পরীক্ষার পর এখন বিজ্ঞানীরা একই প্রাচীন ইস্ট ব্যবহার করে সেই আমলের বিয়ার বা পানীয় তৈরির প্রস্তুতি নিচ্ছেন। এই প্রক্রিয়ার মাধ্যমে কয়েক হাজার বছর আগে মানুষের পানীয়ের স্বাদ কেমন ছিল, তা জানার চেষ্টা করছেন গবেষকরা।