পৈত্রিক সম্পত্তি ফিরে পাওয়ার আনন্দ নিমেষেই বিষাদ, আদালত থেকে ফেরার পথে বাবাকে কুপিয়ে খুন করল পাষণ্ড ছেলে!
মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে ৮২ বছর বয়সী এক বৃদ্ধ পিতাকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই ছেলের বিরুদ্ধে। দীর্ঘ আইনি লড়াই শেষে আদালত বৃদ্ধ জাফর কামারুদ্দিন সইয়দের পক্ষে রায় দিয়ে তাঁর বসতবাড়ি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। আদালতের রায় নিয়ে অটোরিকশায় চড়ে মেয়ের সঙ্গে বাড়ি ফেরার পথে অভিযুক্ত ছেলে আবদুল রহমান আবদুল জাফর অটোর গতিরোধ করে এবং ছুরি নিয়ে বাবার ওপর ঝাঁপিয়ে পড়ে। ব্যস্ত রাস্তার মাঝখানে শত শত মানুষের চোখের সামনে এই নৃশংষ হত্যাকাণ্ডের ঘটনায় বৃদ্ধের মেয়েও গুরুতর জখম হয়েছেন।
নিহত জাফর কামারুদ্দিন সইয়দ মহারাষ্ট্রের জলসম্পদ মন্ত্রকের অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন এবং অভিযুক্ত ছেলে আবদুল পেশায় একজন মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ। পারিবারিক সম্পত্তি দখল নিয়ে দীর্ঘকাল ধরে বিরোধের জেরে ছেলে বৃদ্ধ বাবার ওপর অত্যাচার চালাতেন, যার ফলে জাফর নিজের বাড়ি ছেড়ে মেয়ের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। আদালতের নির্দেশে বাড়ি ফিরে আসার সময়ই এই হামলার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক ছেলেকে গ্রেপ্তার করেছে।