ওমান উপসাগরে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিকের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে নয়াদিল্লি!

আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নাবিকদের ওপর মার্কিন বাহিনীর ধারাবাহিক হামলার ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। মাত্র চার দিনের ব্যবধানে দুবার বাণিজ্যতরী লক্ষ্য করে চালানো হামলায় ওমান উপসাগরে তিন জন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। গত বুধবার ওমানের শিনাস বন্দরের কাছে গিনি-বিসাউয়ের পতাকাবাহী ‘এমটি জলবীর’ নামক জাহাজটিতে এই হামলার ঘটনা ঘটে। জাহাজটিতে থাকা ২০ জন নাবিকের মধ্যে তিন জন নিহত হওয়ার পর বাকিদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনার জেরে দায় স্বীকার করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্ট কম)। মার্কিন প্রশাসনের দাবি, ইরানের ওপর আরোপিত তেল রপ্তানি নিষেধাজ্ঞা ও অবরোধ লঙ্ঘনের দায়ে এই হামলা চালানো হয়েছে।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ও ঘটনার জবাবদিহি চেয়ে দিল্লিতে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত আধিকারিক জেসন মিকসকে জরুরি তলব করেছে ভারতের বিদেশমন্ত্রক। ভারতের বিদেশমন্ত্রকের অতিরিক্ত সচিব মার্কিন দূতকে তলব করে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে কড়া বার্তা দিয়েছেন। একই সঙ্গে, ওই অঞ্চলে কর্মরত ৬২২ জন ভারতীয় নাবিকের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। পরিস্থিতি মোকাবিলায় জাহাজ ও জলপরিবহন মন্ত্রক এবং ভারতীয় নৌবাহিনী উচ্চ সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, ওয়াশিংটনের এই একতরফা সামরিক পদক্ষেপ ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক ও কৌশলগত সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন তৈরি করতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *