উত্তর-পূর্ব ভারত থেকে কি চিরতরে বিদায় নিচ্ছে আফস্পা? শাহের ঘোষণায় খুশির জোয়ার!
উত্তর-পূর্ব ভারত থেকে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন বা আফস্পা (AFSPA) সম্পূর্ণ প্রত্যাহারের ঘোষণা করল কেন্দ্র। বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্র, আসাম ও নাগাল্যান্ড সরকারের মধ্যে আয়োজিত একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, আগামী বছরের মধ্যেই উত্তর-পূর্বের সব রাজ্য থেকে এই আইন পুরোপুরি তুলে নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি অনুযায়ী, গত কয়েক বছরে ওই অঞ্চলে হিংসার ঘটনা কমেছে এবং নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এই ইতিবাচক পরিবর্তনের ফলে ইতিমধ্যে ওই অঞ্চলের প্রায় ৮০ শতাংশ এলাকা থেকে আফস্পা প্রত্যাহার করা হয়েছে এবং অবশিষ্ট অংশেও তা তুলে নেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। নব্বইয়ের দশক থেকে আসাম ও নাগাল্যান্ডসহ বিস্তীর্ণ অঞ্চলে ‘উপদ্রুত এলাকা’ হিসেবে এই আইন কার্যকর ছিল, যা নিয়ে দীর্ঘকাল ধরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ও আন্দোলন চলে আসছিল। তবে মণিপুরের সাম্প্রতিক জাতিগত সংঘর্ষের আবহে এই আইন সম্পূর্ণ প্রত্যাহার সরকারের কাছে একটি বড় চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করা হচ্ছে।