সাতসকালে ইডির অ্যাকশন, মদন মিত্রের বাড়ি-সহ ৬ জায়গায় তল্লাশি!
রাজ্যের পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সকাল থেকেই তৎপরতা শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে কলকাতা ও তার আশপাশের অন্তত ৮টি স্থানে একযোগে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এই অভিযানের কেন্দ্রে রয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। সকাল ৬টা থেকে ভবানীপুর, কালীঘাট, জোকা ও দক্ষিণেশ্বরে বিধায়কের একাধিক ঠিকানায় এই তৎপরতা চলছে। সূত্রের খবর, ভবানীপুরের বাসভবনে সপরিবারে উপস্থিত মদন মিত্রকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি, বেলেঘাটা, সন্তোষপুর ও বেহালার বিভিন্ন ঠিকানাতেও তল্লাশি অভিযান জারি রয়েছে।
২০২৩ সালে গ্রেপ্তার হওয়া প্রোমোটার অয়ন শীলের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালাচ্ছে ইডি। অয়ন শীলের ওএমআর শিট মূল্যায়নকারী সংস্থার বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন পুরসভায় কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। এর মধ্যে কামারহাটি পুরসভায় গ্রুপ-ডি ও টাইপিস্ট পদে নিয়োগ ও ওএমআর শিট ছাপানোর প্রক্রিয়ায় আর্থিক লেনদেনের সঙ্গে বিধায়কের কোনো যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এর আগে কামারহাটি পুরসভার এক আধিকারিকের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করেছিলেন তদন্তকারী কর্মকর্তারা।