টাকা ফেরতের দাবিতে রণক্ষেত্র আরামবাগ, ডিম-বৃষ্টির পর গ্রেপ্তার তৃণমূল নেতা!
চাকরি দেওয়ার নামে কোটি টাকা আত্মসাৎ: আরামবাগে জনরোষের মুখে তৃণমূল নেতা, গ্রেপ্তার
আরামবাগের সালেপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পাঁচমাইল এলাকায় চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে গুণধর খাঁড়া নামক এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরামবাগ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ও প্রাক্তন প্রধান গুণধর খাঁড়ার বিরুদ্ধে এলাকার ৬০ থেকে ৭০ জন বেকার যুবক-যুবতীর কাছ থেকে প্রাইমারি ও অন্যান্য সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে টাকা সংগ্রহের অভিযোগ রয়েছে। শুক্রবার তাঁর ফার্মহাউসে ক্ষুব্ধ জনতা চড়াও হয়ে ‘চোর’ স্লোগান দেয় ও ডিম ছুড়ে বিক্ষোভ প্রদর্শন করে। অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়ে অভিযুক্ত নেতা শেষ পর্যন্ত টাকা ফেরতের মুচলেকা দিতে বাধ্য হন, এরপর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
তদন্ত ও বিক্ষোভের মুখে গুণধর খাঁড়া স্বীকার করেছেন যে, তিনি চাকরিপ্রার্থীদের কাছ থেকে প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা তুলে সেই অর্থ হুগলি জেলার প্রাক্তন যুব তৃণমূল সভাপতি শান্তনু বন্দ্যোপাধ্যায়কে দিয়েছিলেন। এদিকে, প্রতারিত ব্যক্তিরা অভিযোগ করেছেন যে বছরের পর বছর পার হলেও চাকরী তো দূরের কথা, তাঁরা জমানো টাকাও ফেরত পাননি। রীতা দাস ও স্বদেশ সামন্তসহ একাধিক ভুক্তভোগী তাঁদের টাকা ফেরতের দাবি জানিয়েছেন। ঘটনার জেরে ওই এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কড়া নজরদারি চালাচ্ছে। বিজেপির স্থানীয় বিধায়ক হেমন্ত বাগ এই ঘটনার কড়া নিন্দা জানিয়ে সাধারণ মানুষের টাকা ফেরতের দাবি তুলেছেন।