নদিয়া সীমান্তে পুশব্যাক বিতর্ক, অনিশ্চিত ১২ জনের ভবিষ্যৎ!
নদিয়ার হোগলবেড়িয়া থানার রানিনগর সীমান্তে ১২ জন নাগরিককে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে তীব্র টানাপোড়েন তৈরি হয়েছে। গত শুক্রবার ভোরে বিএসএফ ওই ১২ জনকে বাংলাদেশের সীমানায় ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেছে বিজিবি, যার পাল্টা হিসেবে বিএসএফ এই দাবি সম্পূর্ণ খারিজ করে দিয়েছে। চার মহিলা ও চার শিশুসহ মোট ১২ জনের ভবিষ্যৎ নিয়ে সৃষ্ট এই অচলাবস্থা নিরসনে গত দু’দিনে দুই বাহিনীর মধ্যে পরপর দুটি ফ্ল্যাগ মিটিং হলেও কোনো রফাসূত্র মেলেনি।
বর্তমানে ভারতের রানিনগর ও বাংলাদেশের প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস পিলারের কাছে মাথাভাঙা নদীর তীরে জিরো পয়েন্ট এলাকায় এক জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের অনড় অবস্থানের কারণে সীমান্তে দুই দেশের বাহিনীর মধ্যে সম্পর্কের টানাপোড়েন বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। বিএসএফ জানিয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।