১৮ বছরের ঊর্ধ্বে আর মিলবে না নতুন আধার, অবৈধ অভিবাসন রুখতে কঠোর আসাম!
আসামে অবৈধ অভিবাসন রোধে ১৮ বছরের বেশি বয়সি নাগরিকদের নতুন আধার কার্ড প্রদানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, অনুপ্রবেশকারীরা যাতে কোনোভাবেই ভারতের এই গুরুত্বপূর্ণ পরিচয়পত্রটি সংগ্রহ করতে না পারে, তা নিশ্চিত করতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিশেষ পরিস্থিতিতে কোনো প্রাপ্তবয়স্কের আধার কার্ডের প্রয়োজন হলে, তা জেলা প্রশাসকের মাধ্যমে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠাতে হবে এবং যাচাই-বাছাই সাপেক্ষে সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
আসামের কিছু জেলায় আধার কার্ডধারীর সংখ্যা মোট জনসংখ্যার ১০০ শতাংশ ছাড়িয়ে যাওয়ায় সরকার এই কঠোর অবস্থান নিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ১৮ বছরের কম বয়সি শিশু এবং চা বাগান সম্প্রদায়, তফসিলি জাতি, উপজাতি ও প্রতিবন্ধী ব্যক্তিদের আধার কার্ড পাওয়ার প্রক্রিয়া আপাতত চালু থাকছে। তবে ২০২৭ সালের ১ এপ্রিল থেকে ধাপে ধাপে এই বিশেষ ছাড়ও প্রত্যাহার করে নেওয়া হবে, যার ফলে তখন থেকে সব সম্প্রদায়ের প্রাপ্তবয়স্কদের জন্য নতুন আধার কার্ড ইস্যুর পথ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে।