বিদেশে ঘুরতে গেলেও চলবে ইউপিআই! নেপালের সঙ্গে ডিজিটাল লেনদেনে ইতিহাস গড়ল ভারত
ভারত ও নেপালের মধ্যে সীমান্তপারের অর্থ লেনদেন সহজ ও দ্রুত করতে গত ৬ জুন থেকে আনুষ্ঠানিকভাবে ইউপিআই-ভিত্তিক নতুন ক্রস-বর্ডার মানি ট্রান্সফার ব্যবস্থা চালু হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে ভারত থেকে নেপালে ব্যক্তি-থেকে-ব্যক্তি (P2P) অর্থ প্রেরণ করা যাবে। এর ফলে নেপালে ভ্রমণে যাওয়া ভারতীয় পর্যটক, ব্যবসায়ী এবং সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দারা এখন থেকে ডিজিটাল মাধ্যমে অত্যন্ত দ্রুত ও নিরাপদে আর্থিক লেনদেন করতে পারবেন।
ভারতের ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI) এবং নেপালের ন্যাশনাল পেমেন্টস ইন্টারফেস (NPI)-এর মধ্যে সরাসরি প্রযুক্তিগত সংযোগ স্থাপনের মাধ্যমে এই পরিষেবাটি কার্যকর করা হয়েছে। ভারতের ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-এর আন্তর্জাতিক শাখা NIPL এবং নেপালের নেপাল ক্লিয়ারিং হাউস লিমিটেড (NCHL)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এই ব্যবস্থায় দুই দেশের নাগরিকরা নিজেদের মোবাইল ব্যাংকিং অ্যাপ বা ডিজিটাল ওয়ালেট ব্যবহার করেই এক দেশ থেকে অন্য দেশে টাকা পাঠাতে পারবেন। ভারতের অর্থ মন্ত্রকের মতে, এই উদ্যোগের ফলে দুই দেশের সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত হবে এবং নিরাপদ ও সাশ্রয়ী ডিজিটাল আর্থিক লেনদেনের ক্ষেত্র প্রসারিত হবে।