দোরগোড়ায় সরকারি পরিষেবা, সোমবার থেকেই শুরু হচ্ছে মেগা জনকল্যাণ শিবির!
আগামী ১৫ জুন, সোমবার থেকে রাজ্যে শুরু হতে চলেছে ‘জনকল্যাণ শিবির’, যা চলবে ১৭ জুন পর্যন্ত। রাজ্যের প্রতিটি ব্লকে আয়োজিত এই তিনদিনব্যাপী মেগা ক্যাাম্পের মাধ্যমে রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা সরাসরি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। নবান্ন সূত্রে জানানো হয়েছে, সরকারি প্রকল্প ও প্রকৃত উপভোক্তাদের মধ্যে প্রশাসনিক দূরত্ব ঘুচিয়ে পরিষেবাকে সহজলভ্য করার লক্ষ্যে এই সমন্বিত ‘সিঙ্গল উইন্ডো’ ব্যবস্থা চালু করা হয়েছে।
এই শিবিরে অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা, পিএম কিষাণ, কন্যাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ডসহ ৫০টিরও বেশি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি ভোটার কার্ড সংশোধন, আধার এনরোলমেন্ট ও সিএএ (CAA) আবেদনের সুবিধাও রাখা হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা প্রদানের লক্ষ্যে প্রতিটি শিবিরে সিসিটিভি নজরদারি বাধ্যতামূলক করা হয়েছে এবং প্রতিটি আবেদন অনলাইনে নথিভুক্ত করে ইউনিক রেফারেন্স নম্বর দেওয়া হবে। জেলাশাসকদের তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য ও শিবিরের স্থান জানতে সরকারি পোর্টাল (jks.wb.gov.in) অথবা টোল-ফ্রি হেল্পলাইন (1800-345-0117)-এ যোগাযোগ করা যাবে।