সই জাল কাণ্ডে ফের তল্লাশিতে অভিষেক, অধরা আপ্তসহায়ক!
বিধানসভায় সই জাল করার মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে দ্বিতীয়বারের মতো ভবানী ভবনে সিআইডি দপ্তরে হাজিরা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার নির্ধারিত সময়ের আগেই তিনি সিআইডি দপ্তরে পৌঁছান। আদালতের নির্দেশ অনুযায়ী তদন্তে সহযোগিতা করতেই তার এই হাজিরা। এই মামলায় আগামী দুই সপ্তাহ অভিষেকের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ না নেওয়ার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। একই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আজ বিকেলে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকেও ভবানী ভবনে তলব করেছে রাজ্য গোয়েন্দা সংস্থা।
ইতিমধ্যে, শনিবার গভীর রাতে অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের মোবাইল ফোনের অবস্থান চিহ্নিত করে তার কালীঘাটের বাড়িতে তল্লাশি চালায় শালবনি থানার পুলিশ। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সহায়তায় বাড়ির তালা ভেঙে এই তল্লাশি চালানো হয়। এছাড়া আগামী ১৫ জুন প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি এবং ১৬ জুন সল্টলেকের একটি মামলায় সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে। প্রসঙ্গত, বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন সংক্রান্ত একটি চিঠিতে বিধায়কদের সই জাল করার অভিযোগে এই তদন্তের সূত্রপাত হয়েছিল। রবিবার সকাল থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরাকে কেন্দ্র করে ভবানী ভবন চত্বরে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও র্যাফ মোতায়েন করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়।