পছন্দের বিয়ে করায় রাস্তায় ফেলে তরুণীকে চরম নির্যাতন, শিউরে উঠল দেশ!
বিহারের মধেপুরা জেলায় নিজের পছন্দের মানুষকে বিয়ে করার অপরাধে ২২ বছর বয়সী পূজা কুমারীকে প্রকাশ্যে মারধরের ঘটনা ঘটেছে। পরিবার ও গ্রাম পঞ্চায়েতের অমতে এক মাস আগে বিয়ে করায় পূজাকে তাঁর বাবা-মা চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে এবং গলার ওপর পা তুলে শারীরিক নির্যাতন করেছেন। ঘটনার সময় উপস্থিত গ্রামবাসীদের কেউ তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেননি। পরে এই নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের হস্তক্ষেপে তরুণীকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেওয়া হয় এবং লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
পূজার পরিবার ও স্থানীয় গ্রাম পঞ্চায়েত এই বিয়ে মেনে নেয়নি। দুই পরিবার একই পাড়ার বাসিন্দা ও আত্মীয় হওয়ায় পঞ্চায়েত সালিশি বসিয়ে নবদম্পতিকে আলাদা থাকার নির্দেশ দেয় এবং ছেলের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে এক লক্ষ টাকা জরিমানা করে। এরপর পূজাকে জোরপূর্বক বাবার বাড়িতে ফিরিয়ে নিয়ে গিয়ে গত ৮ জুন এই পাশবিক নির্যাতনের ঘটনাটি ঘটানো হয়। পরিবার ও পঞ্চায়েতের এই কর্মকাণ্ডে প্রাপ্তবয়স্কদের স্বাধীনভাবে জীবনসঙ্গী নির্বাচনের আইনি অধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছে।