বেঙ্গালুরুতে লিভ-ইন পার্টনারের নৃশংসতা! প্রেমিকের ছুরিকাঘাতে প্রাণ হারালেন সিকিমের তরুণী
বেঙ্গালুরুর ডোড্ডাকান্নাহাল্লি এলাকায় লিভ-ইন পার্টনারের হাতে সিকিমের বাসিন্দা আতি হাংমা সুব্বা নামক এক তরুণী খুন হয়েছেন। পেশায় বেসরকারি সংস্থার কর্মী ওই তরুণীকে ধারালো ছুরি দিয়ে গলার নলি কেটে হত্যা করার অভিযোগে তাঁর সঙ্গী দার্জিলিংয়ের বাসিন্দা পূর্ব লেপচার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ। পারস্পরিক সন্দেহ এবং সম্পর্কের টানাপড়েন থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, কাজের সূত্রে পরিচিত পূর্ব লেপচা ও আতি হাংমা সুব্বা প্রায় এক মাস আগে বেঙ্গালুরুতে এসে একসঙ্গে থাকা শুরু করেন। রবিবার সকালে তরুণীর অন্য কোনো সম্পর্ক রয়েছে—এমন সন্দেহ থেকে তাঁদের মধ্যে তীব্র বচসা শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে অভিযুক্ত যুবক রান্নাঘর থেকে ছুরি এনে আতি হাংমার গলায় আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।