খান স্যরের কোচিংয়ে অভিযুক্তের রহস্যমৃত্যু, নেপালে মিলল দেহ!
বিহারের রাজধানী পটনায় জনপ্রিয় শিক্ষক খান স্যরের কোচিং সেন্টারে ভাঙচুর চালানোর ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রিন্সের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার রাতে নেপালে ওই যুবকের দেহ উদ্ধার করা হয়। মৃত প্রিন্স পটনার অপর এক নামজাদা কোচিং সেন্টার ‘জ্ঞানবিন্দু’র কর্ণধার রৌশন আনন্দের ভাই। ঘটনার সময় তিনি তাঁর ছয় বন্ধুর সঙ্গে নেপালে ছিলেন। এই মৃত্যুর খবর পেয়ে তাঁর পরিবারের সদস্যরা ইতিমধ্যেই নেপালের উদ্দেশে রওনা দিয়েছেন।
পটনার এই দুই কোচিং সেন্টারের মধ্যে দীর্ঘদিনের ব্যবসায়িক দ্বন্দ্ব ও সংঘাত রয়েছে। ২০২১ সালে খান স্যরের কোচিং সেন্টারে হামলার ঘটনায় প্রিন্স অভিযুক্ত হয়েছিলেন। অন্যদিকে, ২০২৩ সালে রৌশন আনন্দ পাল্টা অভিযোগ করেছিলেন যে, খান স্যরের মদতে তাঁর প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। গত ২ জুন দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও গুলির ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ওই ঘটনার জেরে খান স্যরের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় এবং বর্তমানে রৌশন আনন্দ পুলিশি হেফাজতে জেলবন্দি রয়েছেন। রৌশন আনন্দের জেলবন্দি অবস্থার মধ্যেই তাঁর ভাইয়ের এই রহস্যমৃত্যু পুরো ঘটনাটিতে নতুন মাত্রা যোগ করেছে। নেপালে বন্ধুদের সঙ্গে থাকাকালীন ঠিক কী কারণে প্রিন্সের মৃত্যু হলো, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।