আসামে ১৮ পার হলেই বিপত্তি! আধার কার্ড নিয়ে হিমন্তর নয়া নির্দেশিকা
আসামে অবৈধ অনুপ্রবেশ রোধে ১৮ বছরের বেশি বয়সি নাগরিকদের নতুন করে আধার কার্ড না দেওয়ার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। শনিবার রাজ্য ক্যাবিনেটের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই সিদ্ধান্তের কথা জানান। প্রশাসনের লক্ষ্য হলো, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যাতে কোনোভাবেই এই সরকারি পরিচয়পত্র ব্যবহার করে আইনি বৈধতা পেতে না পারে, তা নিশ্চিত করা।
এই নতুন নিয়ম কার্যকর হলেও কিছু ক্ষেত্রে ছাড় রাখা হয়েছে। চা-বাগান এলাকার বাসিন্দা এবং তফসিলি উপজাতি সম্প্রদায়ের নাগরিকরা ২০২৭ সালের ১ এপ্রিল পর্যন্ত নতুন আধার কার্ড তৈরির সুযোগ পাবেন। এছাড়া ১৮ বছরের কম বয়সিদের জন্য আধার কার্ড পাওয়ার স্বাভাবিক প্রক্রিয়া অব্যাহত থাকবে। তবে ১৮ বছরের বেশি বয়সি কেউ নতুন আধার কার্ডের জন্য আবেদন করলে তা জেলাশাসকের মাধ্যমে রাজ্য সরকারের কাছে যাচাইয়ের জন্য পাঠানো হবে। কঠোর আইনি পরীক্ষার পরই তাদের ক্ষেত্রে আধার কার্ড প্রদানের বিষয়টি বিবেচনা করা হবে।