তিলোত্তমায় নজিরবিহীন কূটনৈতিক সংঘাত, রুশ কনস্যুলেটের গাড়িতে পুলিশের তল্লাশিতে তুঙ্গে বিতর্ক!
কলকাতার রাস্তায় রুশ কনস্যুলেটের গাড়ি থামিয়ে তল্লাশি চালানোর ঘটনায় তীব্র কূটনৈতিক টানাপড়েন তৈরি হয়েছে। ভিয়েনা কনভেনশন ও আন্তর্জাতিক প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ তুলে ভারতের বিদেশ মন্ত্রকের কাছে আনুষ্ঠানিকভাবে কড়া ভাষায় অভিযোগ জানিয়েছে দিল্লিতে অবস্থিত রুশ দূতাবাস। রাশিয়ার দাবি, বিগত ১৪ এপ্রিল শ্যামাপ্রসাদ মুখার্জি রোড ও রাসবিহারী অ্যাভিনিউয়ের সংযোগস্থলে এবং ১৬ এপ্রিল চেতলা ও কালীঘাট রোড ক্রসিংয়ে তাদের কনস্যুলেটের গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়েছে, যা শিষ্টাচারের পরিপন্থী।
গাড়িটিতে কূটনৈতিক মিশনের বিশেষ স্টিকার ও নম্বর প্লেট থাকা সত্ত্বেও পুলিশের এই আচরণের প্রতিবাদে রাজ্য প্রশাসন ও রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছেও বিস্তারিত অভিযোগপত্র পাঠানো হয়েছে। নির্বাচনী আবহে শহরজুড়ে পুলিশের কড়া নাকা চেকিং চললেও, কূটনৈতিক রক্ষাকবচ থাকা গাড়িতে এমন তল্লাশি চালানোয় উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এই বিষয়ে এখন পর্যন্ত কলকাতা পুলিশ বা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।