মাঝরাতে ফ্ল্যাটে হানা পুলিশের, উদ্ধার বিপুল সরকারি ত্রাণ!
রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারীর কল্যাণীর তিনটি ফ্ল্যাট সিল করে দিয়েছে পুলিশ। শনিবার রাতে নোটিস পাঠানোর মাত্র ৩০ মিনিটের মধ্যে ফ্ল্যাটের চাবি জমা না দেওয়ায় প্রশাসন এই কড়া পদক্ষেপ গ্রহণ করে। বিজেপির পক্ষ থেকে ওই ফ্ল্যাটগুলিতে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী বেআইনিভাবে মজুত রাখার অভিযোগ দায়ের করার পরই নড়েচড়ে বসে প্রশাসন।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টা নাগাদ প্রাক্তন বিধায়ককে ইমেলের মাধ্যমে নোটিস পাঠিয়ে দ্রুত চাবি হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও কোনো সাড়া না মেলায় পুলিশ ফ্ল্যাট তিনটি সিল করে দেয়। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা কমিটির অভিযোগ, প্রাক্তন বিধায়ক এবং প্রোমোটার গৌরাঙ্গ সরকারের নিয়ন্ত্রণে থাকা এই ফ্ল্যাটগুলোতে আসন্ন নির্বাচনে প্রভাব ফেলার উদ্দেশ্যে সরকারি ত্রাণসামগ্রী লুকিয়ে রাখা হয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রোমোটারকেও তলব করে নোটিস পাঠিয়েছে পুলিশ। বর্তমানে পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে।