নীতীশপুত্রের জেড ক্যাটাগরি নিরাপত্তা নিয়ে উত্তাল বিহারের রাজনীতি!
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ছেলে নিশান্ত কুমারকে ‘জেড’ (Z) ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। গত শনিবার এই সিদ্ধান্তের কথা সামনে আসার পর থেকেই রাজ্যজুড়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। কোনো রাজনৈতিক পদে না থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রীপুত্রকে উচ্চস্তরের এই নিরাপত্তা দেওয়াকে ‘জনগণের অর্থের অপচয়’ ও রাজনৈতিক পক্ষপাতিত্ব হিসেবে আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করছে আরজেডি ও কংগ্রেসের মতো বিরোধী দলগুলো।
আরজেডি মুখপাত্র শক্তি সিং যাদব এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক বলে অভিহিত করে দাবি করেছেন, কোটি মানুষের সমর্থন থাকার পরেও বিরোধী দলনেতা তেজস্বী যাদবকে অনুরোধ সত্ত্বেও ‘জেড প্লাস’ নিরাপত্তা দেওয়া হয়নি। পাশাপাশি, বিহার কংগ্রেসের মুখপাত্র ড. স্নেহাশিষ বর্ধনের অভিযোগ, সরকারি কোষাগারের অর্থের অপব্যবহার করে বিজেপির নির্দেশে মূলত নিশান্ত কুমারের গতিবিধির ওপর নজরদারি চালানোর জন্য এই নিরাপত্তার আড়ালে একটি কৌশল তৈরি করা হয়েছে। এই ঘটনার ফলে রাজ্যে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।