সুমিতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ফের আইনি বিপাকে অভিষেক!

কলকাতার জমি প্রতারণা ও আর্থিক দুর্নীতির মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পুলিশ। শালবনি থানায় দায়ের হওয়া এই মামলায় অভিযুক্তের কোনো হদিস না মেলায় তদন্তকারীরা আদালতের দ্বারস্থ হন। এর আগে গত শনিবার সুমিত রায়ের মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনের কাছাকাছি মেলায় গভীর রাতে সেখানে তল্লাশি চালায় পুলিশ। বাড়ির তালা ভেঙে তল্লাশি চালানো হলেও সুমিতের সন্ধান মেলেনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের পরিচিত ও ব্যক্তিগত বিষয়াদি দেখাশোনার দায়িত্বে থাকা সুমিত রায় এর আগে ২০২২ সালে কয়লা পাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন। এদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআইয়ের তলব এবং রবিবার সিআইডি দপ্তরে তাঁর দীর্ঘ জিজ্ঞাসাবাদ নিয়ে রাজ্য রাজনীতিতে এমনিতেই ব্যাপক চাপানউতোর চলছে। এরই মধ্যে তাঁর ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি শাসক দলের ওপর আইনি ও রাজনৈতিক চাপ আরও বাড়াল বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *