সন্দেশখালিতে শাহজাহানের ৫ কোটির দুর্নীতি, বিপাকে শেখ শাহজাহান!

সন্দেশখালিতে সাধারণ মানুষের জমি জোরপূর্বক দখল এবং বিপুল দুর্নীতির মামলায় তৃণমূলের বহিষ্কৃত নেতা শাহজাহান শেখসহ তাঁর চার সহযোগীর বিরুদ্ধে চার্জ গঠন করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার কলকাতার ইডির বিশেষ আদালতে এই আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শাহজাহান শেখ ছাড়াও অভিযুক্তদের তালিকায় রয়েছেন তাঁর ঘনিষ্ঠ সহযোগী আলমগির, শিবপ্রসাদ হাজরা এবং দিদার বক্স মোল্লা।

তদন্তকারী সংস্থার অভিযোগ, অভিযুক্তরা সন্দেশখালির বিস্তীর্ণ এলাকায় গ্রামবাসীদের ভয় দেখিয়ে জমি জবরদখল করেছেন এবং সেখান থেকে অন্তত পাঁচ কোটি টাকা বেআইনিভাবে উপার্জন করেছেন। এই ঘটনায় মোট ৩০ জন সাক্ষী আগামী ৭ জুলাই থেকে শুরু হতে যাওয়া সাক্ষ্যগ্রহণ পর্বে উপস্থিত থাকবেন। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে রেশন দুর্নীতি মামলার তদন্তে গিয়ে সন্দেশখালিতে ইডি আধিকারিকরা আক্রান্ত হওয়ার পর থেকেই শাহজাহান শেখ ও তাঁর কার্যকলাপ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তীতে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর তাঁকে বিভিন্ন মামলায় হেফাজতে নিয়েছিল সিবিআই ও ইডি। মাছের ব্যবসার আড়ালে দুর্নীতি ও শারীরিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত শাহজাহানকে দল থেকে ছ’বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *