স্ত্রীর ফোনে অডিও রেকর্ডিং পেতেই উড়ল ঘুম, স্বামীকে খুনের চাঞ্চল্যকর ছক ফাঁস!
উত্তরপ্রদেশের বিজনোর জেলার স্যোহারা থানা এলাকায় স্ত্রীকে নিয়ে এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। এক ব্যক্তি অভিযোগ করেছেন যে, তার স্ত্রী তার প্রেমিকের সঙ্গে যোগসাজশে তাকে হত্যার পরিকল্পনা করছেন এবং গোপনে তার কিছু আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করছেন। ইতিমধ্যে ঘটনার গুরুত্ব বিবেচনা করে স্থানীয় পুলিশ মামলা রুজু করেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে।
অভিযোগকারী ব্যক্তির দাবি, প্রায় দশ বছর আগে ওই নারীর সঙ্গে তার বিয়ে হয় এবং তাদের চারটি সন্তান রয়েছে। গত এক বছর ধরে স্ত্রীর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে তিনি জানতে পারেন যে, এক যুবকের সঙ্গে তার স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। স্বামীর অভিযোগ, ওই নারী তার প্রেমিকের সহায়তায় বাড়ি থেকে প্রায় আড়াই লক্ষ টাকার সম্পদ চুরি করেছেন এবং অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে তার কাছ থেকে অর্থ আদায় করছেন। এছাড়া স্ত্রী ও তার প্রেমিকের মধ্যে কথোপকথনের একটি অডিও রেকর্ডিংয়ে তাকে হত্যার নীল-নকশা তৈরি করতে শুনেছেন বলেও জানিয়েছেন ওই ব্যক্তি। বর্তমানে প্রাণভয়ে তিনি পুলিশের দারস্থ হয়েছেন।