জাল লটারি চক্রের পর্দাফাঁস, ১০ লাখ নগদসহ গ্রেফতার মূলচক্রী!
পুরুলিয়ার নিতুড়িয়া থানা এলাকায় লোভনীয় অফারের টোপ দিয়ে চালানো জাল লটারির চক্রের মূল হোতা শক্তি যাদবকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে আমডাঙা গ্রামে গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ১০ লক্ষ ৪২ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার কুমার সানি রাজ জানান, উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ অর্থের সপক্ষে ধৃত কোনো বৈধ নথি বা আয়ের উৎস দেখাতে পারেননি।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া পুরো টাকাই সাধারণ মানুষকে প্রতারণার মাধ্যমে লটারির টিকিট বিক্রি করে হাতিয়ে নেওয়া হয়েছে। এর আগে এই চক্রের সঙ্গে জড়িত দুই খুচরো বিক্রেতাকে গ্রেফতার করে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদে শক্তি যাদবের নাম জানতে পেরেছিল। বর্তমানে ধৃত শক্তি যাদবকে হেফাজতে নিয়ে প্রতারণার এই জাল কতদূর বিস্তৃত এবং লটারির টিকিটগুলো কোথায় ছাপা হতো, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতের বিরুদ্ধে প্রতারণা ও জাল লটারি চক্র চালানোর অভিযোগে সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে।