শালিকের বাচ্চা বাঁচাতে গিয়ে প্রাণ গেল কিশোরের, শোকের ছায়া কল্যাণীজুড়ে!
নদিয়ার কল্যাণী থানার শোকুনা গ্রাম পঞ্চায়েতের লিচুতলা এলাকায় বজ্রাঘাতে মানস ব্যাপারী নামে ১৫ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ঝোড়ো হাওয়ার মধ্যে পাখির বাচ্চা বাঁচাতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয় সে। বজ্রাঘাতে গুরুতর জখম অবস্থায় তাকে স্থানীয় জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, পাখিদের প্রতি বিশেষ অনুরাগী মানস ঝড়ের সময় শালিকপাখির বাচ্চাদের উদ্ধার করতে নিষেধ সত্ত্বেও বাড়ির বাইরে বেরিয়েছিল। বাবা দীপক ব্যাপারী তাকে বারণ করলেও কিশোরের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারসহ গোটা এলাকায়। সবজি ব্যবসায়ী দীপক বাবুর পরিবারের একমাত্র সহায় ছিল এই কিশোর। বর্তমানে পুলিশ প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখছে।