জমির দালালি করতে গিয়ে ভয়ঙ্কর ফাঁদ! জওয়ানের স্ত্রীকে মাদক খাইয়ে গণধর্ষণ ও ধর্মান্তর করানোর অভিযোগ!

নাগপুরে জমির ব্যবসার আড়ালে ভারতীয় বায়ুসেনার এক জওয়ানের স্ত্রীকে গণধর্ষণ, ব্ল্যাকমেইল ও জোরপূর্বক ধর্মান্তকরণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে সোনেগাঁও থানার পুলিশ। ধৃতদের নাম আয়াজ তাজ মাদারে এবং আমিন শেখ; এছাড়া এই ঘটনার মূল অভিযুক্ত হযরত মাওলানা নামে এক ব্যক্তি পলাতক রয়েছে। তদন্তে নেমে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণ, তোলাবাজি, জোরপূর্বক ধর্মান্তকরণ এবং মহারাষ্ট্রের কুসংস্কার ও কালো জাদু প্রতিরোধ আইনের অধীনে মামলা রুজু করেছে। ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরে পুরনো সহপাঠী আয়াজ জমি কেনার অছিলায় নির্যাতিতা তরুণীকে ওয়ার্ধা রোডের একটি হোটেলে নিয়ে গিয়ে চেতনানাশক খাইয়ে ধর্ষণ করে এবং আপত্তিকর ভিডিও ধারণ করে। সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তরুণীকে ব্ল্যাকমেইল করে তাঁর কাছ থেকে ৩ লক্ষ ৯ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে গত ৩১ মে নাগপুরের কালমেশ্বর এলাকায় নির্জন স্থানে নিয়ে গিয়ে ওই তরুণীকে জোরপূর্বক ধর্মান্তকরণের আচার পালন করানো হয় এবং গণধর্ষণের চেষ্টা করা হয়। স্বামী বাড়ি ফিরে আসার পর তরুণী পুরো ঘটনাটি খুলে বললে পুলিশ অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *