সংসদে নারীবিদ্বেষী মন্তব্য! কল্যাণের বহিষ্কার চেয়ে স্পিকারকে চিঠি কাকলির
লোকসভার অন্দরে মহিলা সাংসদদের প্রতি ‘আপত্তিকর ও অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগে দলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি দিয়েছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বারাসাতের সাংসদ তাঁর চিঠিতে অভিযোগ করেছেন, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বারবার তাঁকে ব্যক্তিগত আক্রমণ করেছেন এবং সংসদের ভেতরে তাঁর নারীবিদ্বেষী কথাবার্তার কারণে মহিলা সাংসদরা চরম অস্বস্তিবোধ করেন। কাকলি ঘোষ দস্তিদারের দাবি, এই আচরণ সংসদীয় রীতিনীতি এবং লোকসভার ৩৪৯ ধারার পরিপন্থী, তাই অভিযুক্ত সাংসদকে বহিষ্কার করা হোক।
অন্যদিকে, এই অভিযোগকে ভিত্তিহীন দাবি করে পাল্টা তোপ দেগেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দীর্ঘ সময় সংসদীয় দলের মুখ্যসচেতক (চিফ হুইপ) থাকার অভিজ্ঞতার প্রেক্ষাপটে এই অভিযোগ অবান্তর। একইসঙ্গে কাকলি ঘোষ দস্তিদারকে রাজনৈতিকভাবে বিঁধে ‘নারদ’ ও ‘সিন্ডিকেট’ কাণ্ড নিয়েও মন্তব্য করেছেন তিনি। উল্লেখ্য, এর আগেও একই ইস্যুতে কাকলি ঘোষ দস্তিদার স্পিকারের কাছে নালিশ জানিয়েছিলেন। দলের দুই হেভিওয়েট সাংসদের এই প্রকাশ্য বিরোধ সংসদের অন্দরে তৃণমূল কংগ্রেসের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।