১২টার মধ্যে না এলে সরাসরি আদালতে! অরূপ বিশ্বাসকে চরম আল্টিমেটাম বিধাননগর পুলিশের
মেসি কাণ্ডের তদন্তে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ওপর চাপ বাড়াল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। সোমবারের হাজিরা এড়িয়ে যাওয়ার প্রেক্ষিতে আজ মঙ্গলবার বেলা ১২টার মধ্যে তাঁকে থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এই সময়ের মধ্যে অরূপ বিশ্বাস হাজিরা না দিলে তদন্তকারী আধিকারিকরা সরাসরি আদালতের দ্বারস্থ হবেন। বিধাননগর দক্ষিণ থানার পক্ষ থেকে তাঁকে তৃতীয়বারের মতো নোটিস পাঠানো হয়েছিল, যা তিনি উপেক্ষা করেছেন।
কলকাতা হাইকোর্ট থেকে অরূপ বিশ্বাস শর্তসাপেক্ষে যে রক্ষাকবচ পেয়েছিলেন, তাতে তদন্তে পূর্ণ সহযোগিতার নির্দেশ ছিল। তবে পরপর তিনবার তলব এড়ানোয় তিনি তদন্তে অসহযোগিতা করছেন বলে অভিযোগ পুলিশের। বর্তমানে প্রাক্তন মন্ত্রীর অবস্থান নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। এদিকে, মেসি ইভেন্টের অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্ত অরূপ বিশ্বাসের রক্ষাকবচের বিরোধিতায় আদালতের দ্বারস্থ হয়েছেন এবং জুঁই বিশ্বাসকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনার দাবি জানিয়েছেন। হাইপ্রোফাইল এই মামলায় অরূপ বিশ্বাসের ভূমিকা তদন্তের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তদন্তকারীরা।