আধার শুধুই পরিচয়পত্র নয়, কেন্দ্র ও নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের নোটিশ!

আধার কার্ড নাগরিকত্ব, স্থায়ী বাসস্থান কিংবা জন্মতারিখের বৈধ প্রমাণপত্র হতে পারে কি না, তা খতিয়ে দেখতে কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন এবং ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)-কে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি ভি. মোহনার সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে। মামলার আবেদনকারীর দাবি অনুযায়ী, আধার কার্ডকে শুধুমাত্র ব্যক্তির পরিচয়ের নথি হিসেবে সীমাবদ্ধ রাখা হোক এবং নাগরিকত্ব বা ঠিকানার প্রমাণ হিসেবে এর ব্যবহার বন্ধ করা হোক। আগামী ৭ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায়ের দায়ের করা এই আবেদনে অভিযোগ করা হয়েছে, ২০১৬ সালের আধার আইনের ৯ নম্বর ধারা এবং UIDAI-এর নিজস্ব বিজ্ঞপ্তি অনুযায়ী আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। অথচ বর্তমানে স্কুল ভর্তি, সম্পত্তি কেনাবেচা ও ভোটার তালিকায় নাম তোলার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আধারকে বয়স ও বাসস্থানের প্রমাণ হিসেবে ব্যবহার করা হচ্ছে। আবেদনকারীর মতে, বর্তমান যাচাই প্রক্রিয়াটি শিথিল হওয়ায় বিদেশি নাগরিক ও অনুপ্রবেশকারীরা সহজেই আধার কার্ড সংগ্রহ করছে এবং পরবর্তীতে তা ব্যবহার করে অন্যান্য সরকারি নথিপত্র তৈরি করছে। এই পরিস্থিতিতে আধার কার্ডের এমন অননুমোদিত ব্যবহার রোধ করে একে কেবল পরিচয়পত্র হিসেবে ব্যবহারের আইনি সীমাবদ্ধতা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *