হাওড়ার এক অচেনা বাড়িই এখন জাতীয় রাজনীতির ভরকেন্দ্র!
তৃণমূল কংগ্রেসের ২০ জন বিদ্রোহী লোকসভা সাংসদের যোগদানের ঘটনার পর থেকেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ‘ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া’ (এনসিপিআই)। হাওড়ার শাঁকরাইলের হাটগাছায় অবস্থিত দলটির সদর দপ্তরকে ঘিরে তৈরি হয়েছে চরম কৌতূহল। ২০২২ সালে প্রতিষ্ঠিত এই দলের নেপথ্যে রয়েছেন আইনজীবী শিউলি কুন্ডু এবং তাঁর স্বামী উত্তিয়া কুন্ডু। এতদিন এনজিও হিসেবে পরিচিত থাকলেও, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে যোগ দেওয়ার মাধ্যমে দলটি প্রথম রাজনৈতিক সক্রিয়তা প্রদর্শন করে।
হাওড়ার শাঁকরাইলের হাটগাছা-বানিপুর এলাকায় অবস্থিত এনসিপিআই-এর সদর দপ্তরটি ‘ওকে আপ ওয়ার্ল্ড’ নামে পরিচিত একটি দোতলা ভবন। দীর্ঘদিন ধরে এই ঠিকানায় এনজিওর আড়ালে রাজনৈতিক কর্মকাণ্ড চললেও স্থানীয়রা এর বিষয়ে তেমন কিছুই জানতেন না। এছাড়া উত্তিয়া কুন্ডু ‘জাগো বিশ্ব’ নামক একটি স্থানীয় সংবাদপত্রের সম্পাদনার সঙ্গেও যুক্ত রয়েছেন। তবে গত রবিবার বড় মাপের দলবদলের পর পরিস্থিতি দ্রুত বদলে যায়। বর্তমানে প্রশাসনিক নির্দেশে ভবনটির বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনার পর থেকে শিউলি ও উত্তিয়া কুন্ডু—উভয়েরই মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।