দমদম পুরসভায় বড়সড় ভাঙন, একই দিনে ইস্তফা দিলেন পুরপ্রধান ও উপ-পুরপ্রধান!
দমদমের পুরপ্রধান ও উপ-পুরপ্রধানের পদত্যাগ, সংকটে পুরবোর্ড
দমদম পুরসভায় বড়সড় প্রশাসনিক সংকট তৈরি হয়েছে। মঙ্গলবার পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন পুরপ্রধান হরিন্দর সিং এবং ভাইস চেয়ারম্যান (উপ-পুরপ্রধান) বরুণ নট্ট। একের পর এক পদত্যাগের এই ঘটনায় তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই পুরসভার বর্তমান বোর্ড কার্যত ভেঙে পড়ার উপক্রম হয়েছে।
ইস্তফার কারণ হিসেবে পুরপ্রধান হরিন্দর সিং তীব্র কর্মী সংকটকে দায়ী করেছেন। তাঁর অভিযোগ, পর্যাপ্ত কর্মী না থাকায় নাগরিকদের নূন্যতম পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। দীর্ঘদিন ধরে নতুন নিয়োগ বন্ধ থাকায় অবসরপ্রাপ্ত কর্মীদের চুক্তিভিত্তিক কাজে রাখা হয়েছিল, কিন্তু নতুন নির্দেশে তাঁদের সরিয়ে দেওয়ার ফলে প্রশাসনিক কাজকর্ম থমকে পড়েছে। দীর্ঘ ১২ বছর পুরপ্রধানের দায়িত্বে থাকা হরিন্দর সিংয়ের দাবি, জনগণের প্রত্যাশা পূরণ করতে না পেরে চেয়ারে টিকে থাকা অনৈতিক বলেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।