২২ শতাংশ ডিএ বৃদ্ধির ভুয়ো বিজ্ঞপ্তিতে সতর্ক থাকুন!
সোশ্যাল মিডিয়ায় রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা (ডিএ) ২২ শতাংশ বৃদ্ধির একটি ভুয়ো বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে তুমুল বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। গত সোমবার থেকে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া ওই বিজ্ঞপ্তিতে মুখ্যসচিব মনোজ আগরওয়ালের নাম ও স্বাক্ষর ব্যবহার করা হয়। বিষয়টি নজরে আসতেই রাজ্য প্রশাসন দ্রুত তৎপর হয়ে ওঠে এবং ওই বিজ্ঞপ্তিটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া বলে ঘোষণা করেছে।
বিভ্রান্তি রুখতে মুখ্যসচিবের পক্ষ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট জানানো হয়েছে যে, ডিএ বৃদ্ধির ওই নির্দেশিকাটি ভুয়ো। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে এত বড় হারে মহার্ঘ্য ভাতা বৃদ্ধির অনুমোদন দেওয়ার কোনো ঘোষণা করা হয়নি। এছাড়া ২২ জুন রাজ্যে বাজেট পেশের আগে এ ধরনের কোনো আর্থিক ঘোষণাকে বিশ্বাস না করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। তদন্তে জানা গেছে, ভাইরাল হওয়া নথিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ব্যবহার করে তৈরি করা হয়েছে। সরকারি নাম ভাঙিয়ে প্রযুক্তি অপব্যবহারের এই ঘটনায় প্রশাসনের তরফ থেকে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার কড়া বার্তা দেওয়া হয়েছে।