হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে? চিন্তার কিছু নেই, যেভাবে ফিরে পাবেন আপনার অ্যাকাউন্ট!
বর্তমান সময়ে ডিজিটাল মাধ্যম হিসেবে হোয়াটসঅ্যাপের ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সক্রিয় হয়েছে সাইবার প্রতারকরা। সামান্য অসতর্কতায় সন্দেহজনক লিঙ্কে ক্লিক বা এপিকে (APK) ফাইল ডাউনলোডের মাধ্যমে হ্যাকাররা ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে, যা পরবর্তীতে বড় ধরনের আর্থিক জালিয়াতি বা ব্ল্যাকমেইলের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তবে সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই হ্যাকিংয়ের শিকার হওয়া অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা সম্ভব।
অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথমেই স্মার্টফোনে ‘##21#’ ডায়াল করে কল ফরওয়ার্ডিং পরিষেবা পরীক্ষা করে তা বন্ধ করতে হবে। এরপর দ্রুত হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানাতে হবে এবং ওটিপি (OTP) ভেরিফিকেশনের মাধ্যমে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে হবে। পাশাপাশি, সন্দেহজনক ফাইলটি সাইবার পুলিশের কাছে জমা দেওয়া এবং সরকারের ‘সঞ্চার সাথী’ পোর্টালে অভিযোগ জানানো প্রয়োজন। এই ধরনের বিপদ এড়াতে অ্যাকাউন্টে ‘টু-ফ্যাক্টর অথেন্টিকেশন’ চালু রাখা এবং অপরিচিত লিঙ্ক বা ফাইলে ক্লিক করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা। কোনো ধরনের জালিয়াতির আভাস পেলে দ্রুত ১৯৩০ নম্বরে কল করে বা নিকটস্থ থানায় যোগাযোগ করতে হবে।