উদ্ধবের হাত ছাড়লেন ৬ সাংসদ, মহারাষ্ট্রের রাজনীতিতে ফের বড়সড় ভাঙন!

মহারাষ্ট্রের রাজনীতিতে আবারও বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) শিবিরের ৯ জন লোকসভা সাংসদের মধ্যে ৬ জন দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন গোষ্ঠী থেকে বেরিয়ে এসে পৃথক গোষ্ঠী গঠনের দাবি জানিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি পাঠিয়েছেন। বুধবার সকালে নান্দেড়, পুনে ও মুম্বই থেকে ব্যক্তিগত বিমানে দিল্লি পৌঁছানো এই বিদ্রোহী সাংসদদের তালিকায় রয়েছেন সঞ্জয় যাদব, সঞ্জয় দেশমুখ, নাগেশ পাটিল অষ্টিকার, ওমরাজে নিম্বালকর, ভাউসাহেব ওয়াকচৌরে এবং সঞ্জয় দিনা পাটিল। তাঁদের সঙ্গে একনাথ শিন্ডের শিবসেনার এক শীর্ষ নেতাকে দেখা গেছে।

দিল্লিতে আয়োজিত সঞ্জয় রাউতের জরুরি সাংবাদিক বৈঠকে মাত্র ৩ জন সাংসদ উপস্থিত থাকায় দলের ভাঙনের বিষয়টি স্পষ্ট হয়েছে। দলের শীর্ষ নেতা সঞ্জয় রাউত হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই সাংসদরা উদ্ধব ঠাকরের নেতৃত্বে এবং দলের প্রতীকে জয়ী হয়েছেন, তাই দল ছাড়তে হলে আগে ইস্তফা দিতে হবে। এই ঘটনার ফলে উদ্ধব শিবিরের লোকসভায় শক্তি হ্রাস পেয়েছে, যা জাতীয় রাজনীতিতে তাঁদের দর কষাকষির ক্ষমতা কমিয়ে দেবে। অন্যদিকে, এই সাংসদদের দলবদলের ফলে মহারাষ্ট্রের রাজনীতিতে একনাথ শিন্ডের শিবসেনা এবং শিন্ডে-বিজেপি জোটের অবস্থান আরও শক্তিশালী হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *