সমাজবাদী পার্টিতে ভাঙন কি সময়ের অপেক্ষা! লখনউয়ের রাজনীতিতে নজিরবিহীন চাঞ্চল্য
সমাজবাদী পার্টিতে ভাঙনের জল্পনা, বিস্ফোরক দাবি ওমপ্রকাশ রাজভরের
উত্তরপ্রদেশের মন্ত্রী ওমপ্রকাশ রাজভরের এক মন্তব্যের জেরে সমাজবাদী পার্টিতে ভাঙন ধরার সম্ভাবনা নিয়ে লখনউ থেকে দিল্লি পর্যন্ত রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। রাজভরের দাবি, সমাজবাদী পার্টির প্রবীণ নেতা রামগোপাল যাদবের নেতৃত্বেই দলে ভাঙন এখন সময়ের অপেক্ষা। তাঁর অভিযোগ, মুলায়ম সিং যাদবের তুতো ভাই তথা রামগোপাল যাদব বিজেপিতে যোগ দিতে আগ্রহী সাংসদদের একটি তালিকা ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে জমা দিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লোকসভায় মহিলা সংরক্ষণ বিল, আসন পুনর্বিন্যাস এবং ‘এক দেশ এক ভোট’-এর মতো গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী বিল পাস করানোর জন্য এনডিএ শিবিরের প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থনের ঘাটতি রয়েছে। এই ‘ম্যাজিক ফিগার’ অর্জন করতেই বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলিকে ভাঙার কৌশল নিয়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে, রামগোপাল যাদব মন্ত্রী রাজভরের এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন এবং সমাজবাদী পার্টিতে কোনো ভাঙনের সম্ভাবনা নেই বলে সাফ জানিয়েছেন।