বুলডোজার নীতিতে হাইকোর্টের ব্রেক, রাজ্যে থামল রেলের হকার উচ্ছেদ!
রাজ্যজুড়ে বিভিন্ন রেল স্টেশনে হকার উচ্ছেদ অভিযানের ওপর আগামী ৩১ জুলাই পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। বালিগঞ্জ, যাদবপুর ও বনগাঁসহ ২৫টি স্টেশনের হকারদের করা মামলার প্রেক্ষিতে বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য এই নির্দেশ দিয়েছেন। যাত্রীদের অভিযোগের ভিত্তিতে রেল কর্তৃপক্ষ সম্প্রতি যে উচ্ছেদ প্রক্রিয়া শুরু করেছিল, আদালতের এই নির্দেশের ফলে তা আপাতত থমকে গেল এবং হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ী সাময়িক স্বস্তি পেলেন।
মামলার শুনানিতে আবেদনকারীদের আইনজীবীরা দাবি করেন, কোনো কারণ না দর্শিয়ে এই উচ্ছেদ প্রক্রিয়া হকারদের মৌলিক অধিকার লঙ্ঘন করছে। দুপক্ষের আইনি যুক্তিতর্ক শুনে আদালত স্পষ্ট জানিয়েছে, উচ্ছেদ শুরুর আগে রেল কর্তৃপক্ষকে বিতর্কিত জায়গাগুলি সশরীরে পরিদর্শন করে আদালতে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। এছাড়া, যাঁদের ব্যবসার বৈধ অনুমতি রয়েছে, তাঁদের ক্ষেত্রে আইনি নোটিস প্রদান এবং হকারদের পুনর্বাসনের বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।