বিষ্ণুপুরে তৃণমূলের বড় ধাক্কা, ভোটের দায় নিয়ে ইস্তফা পুরপ্রধান ও উপ-পুরপ্রধানের!
সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে খারাপ ফলের নৈতিক দায়ভার গ্রহণ করে পদত্যাগ করলেন বিষ্ণুপুর পুরসভার পুরপ্রধান গৌতম গোস্বামী এবং উপ-পুরপ্রধান মহাবীর আগরওয়াল। বুধবার বিষ্ণুপুরের মহকুমা শাসকের দফতরে গিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে নিজেদের পদত্যাগপত্র জমা দেন। এই ঘটনার ফলে সোনামুখী ও বাঁকুড়া পুরসভার পর বিষ্ণুপুরেও শাসকদলের সাংগঠনিক অস্বস্তি কার্যত প্রকাশ্যে চলে এল।
বিষ্ণুপুর পুরসভার অন্তর্গত সবকটি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের দায় স্বীকার করেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। পদত্যাগী পুরপ্রধান গৌতম গোস্বামী পুরসভার দায়িত্ব ছাড়ার পাশাপাশি তৃণমূল দল থেকেও নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা করেছেন। তবে পুরপ্রধান ও উপ-পুরপ্রধানের পদ থেকে সরে দাঁড়ালেও, তাঁরা সাধারণ কাউন্সিলর হিসেবে জনগণের পরিষেবা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন। একটানা চার বছর তিন মাস দায়িত্ব পালনের পর তাঁদের এই পদত্যাগ বিষ্ণুপুরের প্রশাসনিক কাজে সাময়িক জটিলতা তৈরি করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।