ভিজবে কলকাতা, উত্তরে অতিভারী বৃষ্টির চূড়ান্ত সতর্কতা!
বঙ্গজুড়ে বর্ষার আগমন ঘটলেও দক্ষিণবঙ্গে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়া অব্যাহত রয়েছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দুপুরের পর তিলোত্তমায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শুক্রবার থেকে রবিবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টির দাপট বাড়বে। রবিবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, দুই বর্ধমান, হুগলি ও উত্তর ২৪ পরগনায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস থাকলেও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে গরম ও অস্বস্তি বজায় থাকবে; যেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ২০০ মিলিমিটার পর্যন্ত অতিভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকায় প্রশাসনকে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।