দিনভর অস্বস্তির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি, তবে কি পাকাপাকি বর্ষা শুরু!
তীব্র দাবদাহ ও চরম অস্বস্তিকর আবহাওয়ার পর অবশেষে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে বৃষ্টি নেমেছে। দিনভর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও, বাতাসে প্রচুর জলীয় বাষ্পের কারণে অনুভূত তাপমাত্রা ৩৯ থেকে ৪১ ডিগ্রির ঘরে ছিল। বিকেলের এই বৃষ্টি সাধারণ মানুষকে সাময়িক স্বস্তি দিলেও রাজ্যে এখনই পুরোপুরি বর্ষার পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের দুই বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, হুগলি এবং বাঁকুড়ায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় শনি ও রবিবার ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে মৌসুমী বায়ুর প্রভাবে আগামী চার-পাঁচ দিন প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির কারণে আবহাওয়া দপ্তর লাল সতর্কতা জারি করেছে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পাশাপাশি ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।