রাজ্যের ৪ জেলায় নতুন মেডিক্যাল কলেজ, চিকিৎসার দিগন্তে বড় চমক!

রাজ্যের সরকারি চিকিৎসা পরিকাঠামো ও পঠনপাঠন উন্নত করার লক্ষ্যে কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় নতুন সরকারি মেডিক্যাল কলেজ তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে স্বাস্থ্য দপ্তর। এর মধ্যে দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার ও পশ্চিম বর্ধমান জেলায় ১০০টি করে এমবিবিএস আসন-সহ নতুন মেডিক্যাল কলেজ গড়ার প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেড সংশ্লিষ্ট জেলাগুলির মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে জমি ও পরিকাঠামো সংক্রান্ত বিস্তারিত তথ্য চেয়ে নির্দেশিকা পাঠিয়েছে।

প্রস্তাবিত এই মেডিক্যাল কলেজগুলোর জন্য দ্রুত ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট (ডিপিআর) তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। জাতীয় মেডিক্যাল কমিশনের নির্দেশিকা মেনে নতুন কলেজ, টিচিং হাসপাতাল এবং হোস্টেল একই চত্বরে অথবা ১০ কিলোমিটার দূরত্বের মধ্যে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া টিচিং হাসপাতালে কমপক্ষে ৪২০টি শয্যা এবং ৮০ শতাংশ বেড অকুপেন্সি নিশ্চিত করার শর্ত ধার্য করা হয়েছে। বর্তমানে হাসপাতাল চত্বরে জমি অপর্যাপ্ত থাকলে ১০ কিলোমিটারের মধ্যে ২০ একর সরকারি জমি চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই প্রকল্পের পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে আরও কিছু পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। এর মধ্যে রয়েছে পাতিপুকুর টিবি হাসপাতালের অধিগ্রহণ, আইআইটি খড়গপুর ক্যাম্পাসের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালকে মেডিক্যাল কলেজে রূপান্তর, নতুন আয়ুষ্মান আরোগ্য মন্দির প্রতিষ্ঠা এবং ২০০টি নতুন প্রাথমিক চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে প্রান্তিক জেলাগুলিতে উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার পাশাপাশি রাজ্যে সরকারি এমবিবিএস আসনের সংখ্যা বৃদ্ধি পাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *