আশ্রমে বিপুল গর্ভনিরোধক! ভণ্ড ধর্মগুরুর ভয়ংকর কুকর্ম ফাঁস, গ্রেপ্তার বহু।
পুণেতে নিজেকে ঈশ্বরের অবতার দাবি করা রাধেশ্যাম মিশ্র ওরফে রাধামোহন মিশ্র নামের এক স্বঘোষিত ধর্মগুরুকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুণের ওয়াঘোলির উবালে নগর এলাকায় অবস্থিত ‘মডার্ন গুরুকুল’ আশ্রমে বছরের পর বছর ধরে এক মহিলাকে বন্দি রেখে ধর্ষণ, ব্ল্যাকমেল এবং অমানুষিক শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে এই ভণ্ড বাবার বিরুদ্ধে। ২০১০ সালে আশ্রমের সংস্পর্শে আসা ওই মহিলাকে ২০১৬ সাল পর্যন্ত একাধিকবার ধর্ষণ করে সেই ঘটনার ভিডিও রেকর্ড করে রাখে অভিযুক্ত। পরবর্তীতে সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে দীর্ঘসময় ধরে তাঁর ওপর নারকীয় অত্যাচার চালানো হয়। নির্যাতিতার অভিযোগ অনুযায়ী, কথা না শুনলে তাঁকে বিদ্যুতের শক দেওয়া এবং জোরপূর্বক নিজের প্রস্রাব খাওয়ানোর মতো জঘন্য অপরাধ করেছে অভিযুক্ত।
নির্যাতিতা পুলিশের দ্বারস্থ হওয়ার পর অভিযুক্তের আশ্রমে অভিযান চালিয়ে ১২টি ল্যাপটপ, ১১টি মোবাইল ফোন, ১৯টি হার্ড ডিস্ক, সাড়ে ৬ লক্ষ টাকা নগদ, বিপুল পরিমাণ সোনার গয়না, গর্ভনিরোধক ওষুধ এবং মাদক উদ্ধার করেছে তদন্তকারীরা। নিজেকে অলৌকিক ক্ষমতার অধিকারী দাবি করে ধর্ম ও অন্ধবিশ্বাসকে পুঁজি করে অভিযুক্ত দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছিল। উদ্ধার হওয়া ডিজিটাল ডিভাইস এবং গর্ভনিরোধক সামগ্রী থেকে পুলিশের ধারণা, অনেকেই এই চক্রের শিকার হতে পারেন। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ, ব্ল্যাকমেলিং ও নির্যাতনের কঠোর ধারায় মামলা দায়ের করা হয়েছে।