হুগলিতে মোদির পা পড়া নিয়ে তুঙ্গে উত্তেজনা, প্রস্তুতিতে মত্ত গোটা জেলা!
আগামী ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ জুন বিশ্ব যোগা দিবস উদযাপনকে ঘিরে হুগলি জেলায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। এই জোড়া কর্মসূচি এবং রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বৃহস্পতিবার হুগলির জেলাশাসক খুরশিদ আলি কাদরি এবং চন্দননগর পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব এক যৌথ সাংবাদিক বৈঠক করেন। বৈঠক থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং উৎসবদুটিকে সফল করতে সর্বাত্মক প্রস্তুতির কথা জানানো হয়েছে।
ঐতিহাসিক দিন দুটি উদযাপনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চন্দননগর পুলিশ কমিশনারেট গত ৭ জুন থেকে প্রতিদিন যোগা অনুশীলনের বিশেষ শিবিরের আয়োজন করেছে। পুলিশ লাইনের ময়দানে আয়োজিত এই নিয়মিত শিবিরে কমিশনারের উপস্থিতিতে ৮২১ জন পুলিশকর্মী অংশ নিচ্ছেন। এদিকে, বিশ্ব যোগা দিবসকে একটি গণআন্দোলনে রূপ দিতে জেলা প্রশাসনের তরফ থেকে আমজনতাকে যোগদানের আহ্বান জানানো হয়েছে। এজন্য একটি অনলাইন পোর্টাল চালু করা হয়েছে এবং অন্তত ১০০০ নাগরিককে স্বাস্থ্যসচেতনতার এই বিশেষ উদ্যোগে শামিল করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।