বিশ্বকাপের মাঝেই চরম বিপাকে হাকিমি, ধর্ষণের প্রমাণে তোলপাড় ফুটবল বিশ্ব!
চলমান ফুটবল বিশ্বকাপের মাঝেই আইনি জটিলতায় পড়েছেন মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি। তিন বছর আগে ২৩ বছর বয়সি এক তরুণীর করা ধর্ষণের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করতে যাচ্ছে ফ্রান্সের আদালত। দীর্ঘ তদন্তের পর ফরাসি পুলিশ ও আদালত জানিয়েছে, হাকিমির বিরুদ্ধে মামলা চালানোর মতো পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া গেছে। বিশ্বকাপের পরপরই তাকে ফ্রান্সের ভার্সেইয়ের আদালতে হাজিরা দেওয়ার জন্য তলব করা হতে পারে।
২০২৩ সালের শুরুর দিকে অভিযোগটি দায়ের করা হয়েছিল। দীর্ঘ তদন্ত শেষে আদালতের এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন অভিযোগকারিনীর আইনজীবী। অন্যদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে হাকিমি দাবি করেছেন, তারকা হওয়ার কারণে তাকে নিশানা করা হয়েছে। তিনি দীর্ঘ সময় আইনি প্রক্রিয়ার প্রতি আস্থা রেখে চুপ ছিলেন এবং বিচারপ্রক্রিয়া শুরুর মাধ্যমে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেছেন।