সবুজ লোগো বদলে এবার রঙিন, মাত্র ৭৯ টাকায় ভারতে এল ‘WhatsApp Plus’!
বিশ্বজুড়ে যোগাযোগের জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপে নতুন সাবস্ক্রিপশনভিত্তিক সেবা ‘হোয়াটসঅ্যাপ প্লাস’ চালু করেছে মেটা। অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় গ্রাহকদের জন্য প্রবর্তিত এই প্রিমিয়াম সেবার মাসিক খরচ নির্ধারণ করা হয়েছে ৭৯ টাকা। সাধারণ ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপের মূল মেসেজিং, কলিং বা এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মতো জরুরি ফিচারগুলো আগের মতোই সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারের সুযোগ থাকছে। মূলত অ্যাপের অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় ও সুশৃঙ্খল করে তুলতেই এই কাস্টমাইজেশন প্যাকটি বাজারে আনা হয়েছে।
হোয়াটসঅ্যাপ প্লাস গ্রাহকরা ১৮টি নতুন কালার থিম, ১৪টি ভিন্ন ডিজাইনের অ্যাপ আইকন এবং ১০টি এক্সক্লুসিভ রিংটোন ব্যবহারের সুবিধা পাবেন। এ ছাড়া সাধারণ সংস্করণের ৩টি চ্যাট পিনের পরিবর্তে প্লাস সংস্করণে একসঙ্গে সর্বোচ্চ ২০টি চ্যাট পিন করে রাখার সুযোগ থাকছে। গ্রাহকরা চাইলে প্রথম এক মাস বিনামূল্যে এই সেবাটি ট্রায়াল হিসেবে ব্যবহার করতে পারবেন। পরবর্তী মাসে সেটিংস থেকে গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরের মাধ্যমে সাবস্ক্রিপশন সক্রিয় করে ৭৯ টাকা মাসিক ফি প্রদান করতে হবে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, বিজ্ঞাপনের বাইরে রাজস্ব আয়ের নতুন উৎস তৈরির লক্ষ্যে মেটা এই বাণিজ্যিক কৌশল গ্রহণ করেছে, যা বিশেষ করে পেশাজীবী ও অতিরিক্ত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কাজের গতি বৃদ্ধি করতে সহায়ক হবে।