কলকাতায় সাড়া ফেলেছেন জোয়ি মুলেন, পোষ্যদের জন্য আনলেন অভিনব চমক!
শহরের অ্যাকোয়ারিয়াম প্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ নিয়ে কলকাতায় এলেন বিশ্বখ্যাত অ্যাকোয়ারিয়াম শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর জোয়ি মুলেন। ‘দ্য কিং অফ ডিআইওয়াই’ হিসেবে পরিচিত কানাডার এই ব্যক্তিত্বকে নিয়ে মৎস্যপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। ‘জ্যাক অলিভল’ গ্রুপের উদ্যোগে আগামী ১৯ জুন শহরের একটি ব্যাঙ্কোয়েটে তাঁর সম্মানে একটি বিশেষ টক শো ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই আয়োজনে জোয়ি মুলেন অ্যাকোয়ারিয়াম সাজানোর প্রতিযোগিতার পাশাপাশি দর্শকদের নিজের অভিজ্ঞতা ও জলজ দুনিয়ার নানা অজানা তথ্য শেয়ার করবেন।
এক দশকেরও বেশি সময় ধরে কাস্টম ফিশ ট্যাঙ্ক এবং উন্নত ফিল্টারিং সিস্টেম তৈরির কৌশল শিখিয়ে আসা জোয়ি মুলেনের ভারতে এটিই প্রথম সফর। অন্যদিকে, অনুষ্ঠানের আয়োজক ‘জ্যাক অলিভল’ গ্রুপ জানিয়েছে, আগামী বছরের ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য ‘ভারত পেট এক্সপো’-তে তাদের নতুন শাখার যাত্রার সূচনা হবে। ওই এক্সপোতে পোষ্যদের জন্য বিশেষ ভেটেরিনারি কেয়ার এবং প্রসাধনী সামগ্রীও বাজারে আনা হবে। আয়োজকদের মতে, জোয়ি মুলেনের এই সফর এবং নতুন ব্যবসায়িক উদ্যোগ শহরের পোষ্য পালন ও অ্যাকোয়ারিয়াম তৈরির ধারণাকে আগামী দিনে আরও আধুনিক করে তুলবে।